
পিরোজপুর প্রতিনিধিঃ স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রং ফ্লেবার ও নামি-দামি মোড়ক ব্যবহার করে আইসক্রীম তৈরির অভিযোগেএকটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে। এসময় সেই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩জুন) দুপুরে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম এ জরিমানা ও সিলগালা করেন।
এ সময় কারখানা মালিক পক্ষের মোঃ হাসান শেখ (৩৫) কে নিরাপদ খাদ্য আইন২০১০ এর দন্ডবিধিতে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোঃ হাসান শেখ নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কোভিদ শেখের পুত্র।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি জানান, মেসার্স সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠান নিজের নামে কোন আইসক্রিম বা আইসবার প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে আইসবার প্রস্তুত করছেন। উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেবার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি কোম্পানির নামে মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছেন। অভিযানে বিপুল পরিমাণ রোবট, হাইস্প্রিড এবং অন্যান্য পরিচিত ব্রান্ডের আইসবার জব্দ করা হয় এবং নকল প্রস্তুতকৃত আইসবার জব্দ করা হয়। এছাড়াও অনুমোদনহীন রং ও ফ্লেবার, চকলেট পাউডার জব্দ করা হয়। উক্ত কোম্পানির কোন প্রকার লাইসেন্স না থাকায় এবং বিএসটিআইয়ের কোন অনুমোদন না থাকায় খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং সিলগালা করে বন্ধ করা হয়।
এ অভিযানে নাজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এবং নাজিরপুর পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।



