
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সৌদী আরব প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারকে হত্যার অভিযোগে চট্টগ্রাম থেকে মুসা হাওলাদার নামের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
নিহত হনুফা আক্তার (৩৬) জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি এলাকার সৌদি আরব প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী।
গ্রেপ্তার আসামী মুসা হাওলাদার (২২) জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী এলাকার আবু হাওলাদারের পুত্র।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, গত ২ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় আ: জলিল ঘরামী নামের এক ব্যক্তি থানায় একটি অভিযোগ দায়ের করে যে তার মেয়ে সৌদি আবর প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী হনুফা আক্তারের বসত ঘরে কে বা কারা মাথায়, মুখে ও শরীরে আঘাত করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সম্পূর্ণ ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য তথ্য প্রযুক্তি সহ নানা কৌশল ব্যবহার করে। পরে পুলিশ তদন্ত এবং তথ্য-প্রযুক্তির ব্যবহার করে ঘটনার সাথে জড়িত মুসা হাওলাদার নামের এক যুবককে চট্টগ্রাম ইপিজেড এলাকাধীন আকমল আলী রোড থেকে তাকে গ্রেপ্তার করে। সেখানে এ যুবক সবজি বিক্রির কাজ করতো।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আরো জানান, সৌদী আরব প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারের সাথে ফেসবুকে আসামী মুসা হাওলাদারের পরিচয় হয়। পরবর্তীতে হনুফার সাথে মুসার প্রেমের সম্পর্ক হলে মুসা হনুফার সাথে দেখা করার জন্য ০১ সেপ্টেম্বর হনুফার বাড়িতে রাতে আসে । রাতে হনুফার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হলে রাগে একপর্যায়ে মুসা হনুফার গলা চেপে ধরে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ১৩ অক্টোবর চট্টগ্রাম ইপিজেড এলাকাধীন আকমল আলী রোড থেকে আসামী মুসা হাওলাদারকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।



