নেছারাবাদ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন, স্বাধীন দেশে স্বৈরশাসকের কোন স্থান নেই। স্বৈরশাসকের জন্য শেখ মুজিব কন্যাকে এ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আমাদের নেত্রী কি দেশ থেকে পালিয়ে গিয়েছে? যারা মায়া কান্না করে শেখ হাসিনার জন্য তাদেরকে কি সঙ্গে নিয়ে গেছে। নিজের সুখ শান্তি উপভোগ করার জন্য সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছেন।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী একতা বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছে। সে কি তার দলের কথা ভেবেছে? নেতাকর্মীদের কথা ভেবেছে! দলের কথা এবং নেতাকর্মীদের কথা ভেবেনি বলেই পালিয়ে যেতে পেরেছে। বেগম খালেদা জিয়া সমস্ত নেতাকর্মীদের কথা ভেবেই কখনো বিদেশে যাবার চিন্তা করেনি।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে প্রতিহিংসার কারণে রাজনৈতিক ভাবে হামলা-মামলার মাধ্যমে বাংলার মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল শেখ হাসিনা সহ তার দোসররা। কোন স্বৈরশাসক চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বৈরাচারতন্ত্রে বিশ্বাস করে না। তাই মানুষের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।
বলদিয়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী তাওহিদুল ইসলাম, মোঃ আজাহারুল ইসলাম টুটুল, সেলিম রেজা, মাহমুদুল হাসান বাবু, সোহেল মৃধা, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি তপু রায়হান, ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সজীব প্রমুখ



