
অনলাইন ডেস্কঃ যার সুর কোটি ভক্তের মন ছুঁয়ে যায়, যার হৃদয় কাড়া কন্ঠ লক্ষ মানুষের মন কেড়ে নেয়, সেই অস্কারজয়ী এ আর রহমান ব্যর্থ তার স্ত্রীর মন জয় করতে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা একে অপরকে ডিভোর্স দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাদের আইনজীবী এ তথ্য জানান।
তিনি বলেছেন, “বিয়ের অনেক বছর পর তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে অনেক কিছু হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।”
আইনজীবী আরও বলেছেন, “গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তারা দুজন দেখতে পেয়েছেন বিভিন্ন চিন্তা ও কঠিন বিষয় তাদের মধ্যে বড় দূরত্ব তৈরি করেছে। কিন্তু তাদের দুজনের কেউই এই দূরত্ব ঘোচাতে পারেননি।”
১৯৯৫ সালে বিয়ে করেন এ আর রহমান। এই দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে।
এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন, “এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।”
অপরদিকে এ আর রহমান লিখেছেন, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু সেটি হলো না।



