
জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদের বদলি আদেশের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনগণ। উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা এই কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ।
সিব্বির আহমেদ ২০২৪ সালের ২১ মার্চ নাগেশ্বরী উপজেলায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে নাগেশ্বরীতে শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য এবং সামাজিক স্থিতিশীলতায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।
নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক সুধাংশু রায় জানান, “সিব্বির আহমেদের নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে। তিনি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। তার উদ্যোগে এলাকার শিক্ষা ব্যবস্থার নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোকাবেলায় সিব্বির আহমেদের কার্যকর ভূমিকা স্থানীয়দের মধ্যে তাকে আরও জনপ্রিয় করেছে। তিনি আন্দোলনকালে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করেছেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আন্দোলন শেষ হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা সিব্বির আহমেদের বদলির আদেশকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বলেন, “সিব্বির আহমেদের মতো একজন কর্মদক্ষ কর্মকর্তা আমাদের এলাকায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। তার বদলির ফলে উন্নয়নকাজে স্থবিরতা আসবে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
আঞ্চলিক রাজনৈতিক নেতারাও এই বদলি আদেশের বিরোধিতা করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
সাধারণ জনগণের মধ্যে সিব্বির আহমেদের বদলি নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা মনে করেন, তার মতো একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তার বদলি এলাকার সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে। বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের কাছে বদলির আদেশ প্রত্যাহারের জন্য স্মারকলিপি দিয়েছে।
নাগেশ্বরী বাজারের ব্যবসায়ী আজিজ বলেন, “সিব্বির আহমেদ এই এলাকায় বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করেছেন। তার বদলি হলে আমরা অনেক সমস্যার মুখোমুখি হবো।”
স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিরা একযোগে দাবি তুলেছেন যে, ইউএনও সিব্বির আহমেদের বদলি আদেশ পুনর্বিবেচনা করা হোক। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, যাতে নাগেশ্বরী উপজেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সাধারণ জনগণের একত্রীত আহ্বান, “সিব্বির আহমেদের মতো কর্মকর্তাদের প্রয়োজন। তার নেতৃত্বে নাগেশ্বরী উন্নয়নের পথে এগিয়ে যাবে।”
সরকার কি এই দাবি আমলে নিয়ে তার বদলি আদেশ প্রত্যাহার করবে, এখন সেটিই দেখার বিষয়।



