
কুড়িগ্রাম প্রতিনিধি: ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মৎস্য অধিদপ্তর অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অফিস খোলার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তা নামানো হয়নি। ফলে পুরো বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পতাকাটি অফিস চত্বরে উড়তে থাকে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী নূহ ইসলাম (১৬), প্রত্যয় রহমান (১৪), এবং প্রত্যক্ষদর্শী এন্তাজ আলী (৪১) জানান, এটি জাতীয় পতাকার অবমাননা। তারা এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রায়হান বিষয়টি স্বীকার করে বলেন, “ভুলবশত পতাকা নামানো হয়নি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না।”
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, “ভুলবশত বৃহস্পতিবার পতাকা নামানো হয়নি। কর্মচারীর বাড়ি দূরে থাকায় এটি আজ নামানো সম্ভব হয়নি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম বলেন, “এ বিষয়ে আমি কোনো তথ্য পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জাতীয় পতাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং এমন গাফিলতি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



