উলিপুরে যুবদল নেতার মৃত্যুতে উত্তেজনা, দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগ

জাকা‌রিয়া শেখ, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম (৩৮) প্রতিপক্ষ গ্রুপের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানা চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত আশরাফুল কাজীর চক এলাকার আয়নাল হকের একমাত্র ছেলে।

আশরাফুলের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা লাঠি-সোটা নিয়ে রাস্তায় নেমে প্রতিপক্ষের দোকানপাটে হামলা চালায়। রাত সাড়ে আটটার দিকে মধ্য বাজারে আবু জাফর সোহেল রানা ও উপজেলা পরিষদ সংলগ্ন ফিরোজ কবীর কাজলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, আশরাফুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উলিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে কোন্দল প্রকাশ্যে আসে। আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। এ নিয়ে আশঙ্কা ছিল যে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে।

স্থানীয়রা বলছেন, “এই কোন্দল হয়তো একদিন প্রাণহানির কারণ হতে পারে” – এমন আশঙ্কা থাকলেও আশরাফুল ইসলামের মৃত্যুতে সবাই হতবাক।


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ