
নেছারাবাদ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি’র আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন থেকে সকল রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা উচিত। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট অবৈধ হাসিনা সরকার দেশকে কুক্ষিগত করে রেখেছিল। তারা সতের বছরের শাসন আমলে অগনিত মানুষকে গুম খুন কারাবন্দি করেছে। দেশে কোন বিচার ছিলনা। ছিলনা কোন কৈফিয়াত। তাদের অত্যাচারে মানুষের অভিশাপে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাদের পতন দিয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে ৭৪তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ৫ আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে অনেক মানুষ রক্ত দিয়েছে। কেউ হয়েছে চিরতরে পঙ্গু। তাই সেই ছাত্র জনতার আন্দোলনকে পুজি করে কেহ যেন ক্ষমতার মসনদ চিরতরে আকড়ে ধরতে না চায়। তাহলে তা হবে ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করা। আগামীতে নতুন করে তারেক রহমানের নেতৃত্বে দেশের দায়িত্বভার পাওয়া গেলে এ দেশ বিশ্বের দুয়ারে মাথা উচিয়ে চলতে পারবে।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, সন্ত্রাসী কার্যক্রম, অর্থ আত্মসাৎ, জমি দখল ও চাঁদাবাজি করে কেউ পার পাবেন না। যে প্রত্যয় নিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা হয়েছে। নতুন করে বিএনপির নেতৃত্বে এইসব ফ্যাসিস্ট তৈরিকারীদের বাংলার মানুষ মেনে নেবেন না।
নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য সম্প্রচার অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ এস,এম মাহফিজুর রহমান ও আরমানিটোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা।



