
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে লহ্মী রানী ভক্ত(৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে। নিহত লহ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী। স্থানীয় নুর ইসলাম শেখ বলেন, তিনি ওই বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। তার রস দিতে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পার্শ্ববর্তী বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।
স্থানীয় কৃষ্ণা মন্ডল (২৮) জানান, শুক্রবার ভোরে তিনি ওই বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি ওই বৃদ্ধাকে হাত-পা বাঁধা ও মৃত্যু দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
নিহতের ছেলে পিরোজপুরের আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) ভোরে তিনি তার মাকে হত্যার খবর পান। ওই দিন ভোরে তিনি বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান ।
তিনি জানান, স্থানীয় বিএনপি নেতা আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠু সহ একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তার মাকে হত্যা করা হতে পারে বলে তার ধারনা।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হত্যার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবী জানান। এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান ও যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ওই বাড়িতে যান।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে সেখানে জেলা পুলিশের সদর সার্কেল নাছরিন জাহান সহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের কর্মীরা তদন্ত করছেন।



