
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এখনই সবাইকে সচেতন থেকে সামনে অগ্রসর হতে হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশটাকে ধাক্কা দিয়ে একদিকে নিয়ে যাওয়ার সুযোগ আমরা কাউকে দিতে চাই না।
তিনি বলেন, দেশে চলমান পরিস্থিতিতে গতরাতে আমি ফেসবুকে একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে আমাকে বিদ্রুপ মন্তব্য করা হয়েছে। পরবর্তীতে অনেকে বলেছেন বিষয়টি ঠিক আছে, তবে অন্য কেউ বললে ভালো হতো। সুতরাং সবার আগে ভালো কিছু কেন আমি বলবো না! ভালো কথাটা সবার আগেই বলা উচিত।
শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্টের পরেই আমাদের সব অর্জন হয়ে গেছে এ কথা বলার কোনো সুযোগ নেই। ভুলে গেলে চলবে না, একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা আমাদের করতে হতে পারে।
তিনি আরও বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।
ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহ মাহফুজুল হক, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমেদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির প্রমুখ।



