
মঠবাড়িয়া প্রতিনিধিঃ অর্থ ও সময়ের মধ্যে ভারসাম্য রাখা যেকোন ভ্রমণপিপাসু ব্যক্তির জন্য অন্যতম চ্যালেঞ্জ। তবে সাশ্রয়ী খরচে সর্বোচ্চ সংখ্যক জেলায় গমন সবসময় সহজসাধ্য নয়। যদি বলা হয়, এক যাত্রাতেই তিন জেলা একসাথে দেখতে পারবেন, সেটাও মাত্র ৫ মিনিটে ! নিশ্চয়ই বিশ্বাস হবে না।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিছুদিন আগে থেকে একটি ছবি ভাসছে। সেখানে দেখা যায় দেশের তিনটি জেলার সীমানা এসে মিলেছে। জায়গাটি হলো- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজারহাট , বরগুনার বামনা উপজেলার লক্ষীপুরা, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোরখালি।
বরগুনার বামনা উপজেলার লক্ষীপুরা এলাকার বাসিন্দা আব্দুল রশিদ জানান, তিনটি জেলা একটি নদীর মোহনার মাধ্যমে একত্রিত করেছে। আমরা চাইলে পাঁচ মিনিটে তিনটি জেলা ঘুরতে পারি। সন্ধ্যার পরে আড্ডা দিতে আমাদের জেলা থেকে অন্য জেলায় চলে যাই। আমাদের জেলার ছেলেমেয়েরা পাশের জেলায় গিয়েও লেখাপড়া করেন। দূরত্ব কম হওয়ায় এক জেলার মানুষ অন্য জেলায় গিয়ে বাজার সদাই করতে পারেন। তাছাড়া দূর-দূরান্ত থেকে বিভিন্ন সময় এখানে লোকজন আসেন দেখতে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা আবিদ হাসান জানান,আমাদের অনেকের সেভাবে বাইরে যাওয়ার সুযোগ হয় না। তাই বলে অচেনাকে জানার আগ্রহ কিংবা অদেখা কোনো জিনিসকে নতুন করে দেখার আগ্রহ থেমে থাকবে, এমন আশা করা যায় না।জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের যেনও এক অবারিত ভান্ডার। তাই তিন জেলার মানুষের কাছে স্থানটি যুগ যুগ ধরে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের প্রতীক হয়ে আছে।



