
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর পৌরসভাধীন কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম (৫২) নামের এক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ আব্দুল আলিমের নামে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ে করে পিরোজপুর পৌরসভাধীন উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪২)।
আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুর পৌরসভাধীন কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় শনিবার রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।



