
জাকারিয়া শেখ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (৬০) নামের এক স’মিল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নন্তনপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন তার শ্যালক জুয়েলের সঙ্গে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম শহর থেকে ভিতরবন্দে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, “আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



