ভাঙা কাঠের পুল নিয়ে উত্তেজনা: সমঝোতা ভাঙায় এলাকাবাসীর মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেছারাবাদ প্রতিনিধিঃ দ্বিতীয় রমজানে বরিশালের ভানারীপাড়া উপজেলার মলুয়ার গ্রামের আবুল কালাম এবং সানি গ্রামের একতা বাজারের দোকানদার মোহাম্মদ খোকনের মধ্যে একটি তুচ্ছ ঘটনা থেকে হাতাহাতি হয়। ঘটনাটি মশকরার মাধ্যমে শুরু হলেও একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, খোকন আবুল কালামকে লাথি ও ঘুষি মারেন। এর মাত্র আধা ঘণ্টার মধ্যেই আবুল কালামের ভাই আব্দুল কাইয়ুম কিছু স্থানীয় লোক নিয়ে এসে প্রতিশোধস্বরূপ চামি ও মলুহা গ্রামের সংযোগ কাঠেরপোলটি ভেঙে দেন, যা মসজিদ ও মাদ্রাসার পথচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাতায়াত পথ।

এই ঘটনার পর ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহমেদের নেতৃত্বে একটি সমঝোতা হয়, যেখানে কাইয়ুমকে কাঠেরপোলটি পূর্ণনির্মাণের নির্দেশ দেয়া হয়। তবে তিনি বারবার “আজ-কাল-পরশু” বলে সময়ক্ষেপণ করে আসছেন এবং দেড় মাস পার হলেও এখনো কাঠেরপোলের নির্মাণকাজ শুরু হয়নি।


এই দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ হয়ে আজ সকাল ১১টায় মসজিদের মুসল্লী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বাজারের দোকানদারদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জুয়েল বলেন, “আমরা এতদিন অপেক্ষা করেছি, বিশ্বাস করেছি। কিন্তু তারা কাজ শুরু না করায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নামলাম। আগামীকালকের মধ্যে কাজ শুরু না করলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।”

অন্যান্য বক্তারা তাদের বক্তব্য বলেন ‌, কাঠেরপোলটি ভেঙে ফেলার পর থেকে চামি মুসলিমিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে, যার ফলে তাদের সময় ও শিক্ষা—উভয়ের ক্ষতি হচ্ছে। একইসঙ্গে চামি বাইতুস সালাম জামে মসজিদের মুসল্লিরাও নামাজে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ পথচারীরা, যাদের বিকল্প পথে চলাফেরা করতে হচ্ছে অনিরাপদ ও কষ্টসাধ্য পথে। এলাকাবাসী আশঙ্কা করছেন, বর্ষা মৌসুম আসলে এই দুর্ভোগ আরও বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হবে। তাই তারা দ্রুত এই পুলটি পুনর্নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে ঘোষণা করা হয়, কালকের মধ্যে কাজ শুরু না হলে পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর দরখাস্ত করা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি: পথচারী, শিক্ষার্থী ও মুসল্লিদের চলাচলের একমাত্র ভরসা এই কাঠেরপোলটি দ্রুত সংস্কার করে পুনর্নির্মাণ করা হোক।

 


Categories: ঝালকাঠি,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ