জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বৃত্ত নিউজ ডট কমে ১৩ অক্টোবার “হুইলচেয়ারে চড়ে স্বপ্নের নীল আকাশ দেখতে চায় রাসেল ”শিরোনামে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার সহায়তা পেয়েছেন কুড়িগ্রামের সেই রাসেল মিয়া।শারীরিক প্রতিবন্ধী হওয়ায় দিন ও রাতের বেশিরভাগ সময় বিছানায় একা পড়ে থাকতে হয় রাসেল মিয়াকে। চলাফেরা করতে না পারায় বাহিরের আলো বাতাস থেকে প্রতিনিয়ত বঞ্চিত হন তিনি। যে কারনে মায়ের কাঁধে চরে প্রতিনিয়ত ঘর থেকে বাইরে বের হন রাসেল। এই হুইল চেয়ারটি পাওয়ায় এখন নিজে থেকে বাহিরে বের হতে পারবে রাসেল মিয়া। বাড়ি থেকে বের হতে তাকে আর মায়ের কাঁধে চড়তে হবে না। রোববার (২০ অক্টোবর) দুপুরে রাসেলের বাড়ীতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দানশীল ব্যক্তি। হুইল চেয়ার প্রদানকালে স্থানীয় সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী রাসেল মিয়া জানান, আমার মত একজন প্রতিবন্ধীকে যে দানশীল ভাই হুইল চেয়ার প্রদান করেছে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই বৃত্তনিউজ ডট কমের সাংবাদিক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

রাসেল মিয়ার মা রাহিলা বেগম জানান, আমার অসহায় প্রতিবন্ধী ছেলেটি দীর্ঘদিন অনেক কষ্টে দিনরাত পার করত। আজ আপনাদের উসিলায় একজন দানশীল ব্যক্তি আমার ছেলেকে একটি হুইল চেয়ার দিয়েছে। আমি সেই দানশীল ব্যক্তির জন্য নামাজ পড়ে অনেক দোয়া করব, সেইসঙ্গে আপনারা যারা সহযোগিতা করেছেন সকলেরই জন্য আমি সারাজীবন দোয়া করব।
হুইল চেয়ার দানকারী ওই ব্যক্তি জানান বৃত্তনিউজ ডট কমে প্রচারিত একটি মানবিক সংবাদ দেখি। পরে প্রতিবেদকের সাথে যোগাযোগ করে আজ রাসেল মিয়ার বাড়িতে এসে একটি হুইল চেয়ার দিতে পেরে মনে অনেক শান্তি পাচ্ছি। আমাদের সমাজে এরকম আরও অসংখ্য অসহায় মানুষ আছে, আমাদের উচিত তাদেরকে সাধ্যমতো সাহায্য করা। উল্লেখ্য, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের নাগদাহ গ্রামের রাসেল মিয়া জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। রাসেলের জন্মের কয়েক বছর পর বাবা খালেক মিয়া স্ত্রী রাহিলা বেগমকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে সংসার পাতেন। রাহিলা বেগমের দুই ছেলের মধ্যে রাসেল মিয়া ছোট ছেলে। বড় ছেলে নিজের মতো করে সংসার পেতেছে। তাই নিজের ও ছোট ছেলের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করেন রাহিলা বেগম।



