
পিরোজপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর শহরে বিজয় র্যালী করেছে জেলা জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ই ডিসেম্বর)সকাল সাড়ে ৯টায় শহরের বাইপাস সড়কস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ বিজয় র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। র্যালিতে জামায়াতে ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালিটি সিও অফিস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাপুড়িয়া পট্টিতে তাদের নিজস্ব জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামায়াতের নবস্থাপিত কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।



