
জাকারিয়া শেখ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রভাবশালী নেতা মোস্তাফিজুর রহমান সাজু (৫০) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৩রা ফেব্রুয়ারী) বিকেলে রংপুর শহরের সড়ক ও জনপথ কার্যালয়ের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি পুলিশ জানায়, সাজু দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সরকার পরিবর্তনের পর থেকে তিনি কুড়িগ্রাম থেকে সরে গিয়ে রংপুরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কুড়িগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলাও অন্তর্ভুক্ত। তিনি সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরে সক্রিয় ভূমিকা রাখতেন বলে জানা গেছে।
কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান বলেন, “আমি নিজে নেতৃত্ব দিয়ে একটি টিম নিয়ে রংপুর থেকে মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে এসেছি। বর্তমানে তিনি সদর থানার হাজতে রয়েছেন। মামলার তথ্য যাচাই করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।



