
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাজিরপুর প্রতিনিধি: “রক্তে অর্জিত বাংলার মাটি, মানব সেবায় করব খাঁটি ” রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এ জন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়। রবিবার ০৯ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে দিন ব্যাপি পিরোজপুরের নাজিরপুর উপজেলায় “নাজিরপুর ব্লাড ব্যাংক” এর উদ্যোগে কাটাবুনিয়া-হোগলাবুনিয়া দারুল কুরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থী সহ এলাকার সকল বয়সের মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রায় ২৫০ জন ব্যাক্তির রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাটাবুনিয়া হোগলাবুনিয়া দারুল কুরআন মাদ্রাসার সভাপতি মো: মাহাতাব হোসেন, মুহতামিম মাওলানা মাসুদুর রহমান ফিরোজী, নাজিরপুর ব্লাডব্যাংকের সদস্য তাওহীদুল ইসলাম, শরিফুল ইসলাম, সজীব, সিরাজুল, সাদিয়া ইসলাম সহ সকল সেচ্ছাসেবী বৃন্দ।
কাটাবুনিয়া হোগলাবুনিয়া দারুল কুরআন মাদ্রাসার সভাপতি মো: মাহাতাব হোসেন বলেন, রক্তের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। প্রয়োজনের সময় সব রক্তই দুরূহ হয়ে যায়, তাই সবার রক্তের গ্রুপ জানা উচিত। নাজিরপুর ব্লাডব্যাংকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।
নাজিরপুর ব্লাডব্যাংকের সদস্য তাওহীদুল ইসলাম জানান, ২০২০ সালের ২৫শে মার্চ থেকে নাজিরপুর ব্লাডব্যাংকের পথচলা শুরু। আমরা এ পর্যন্ত নাজিরপুর ব্লাডব্যাংকের মাধ্যমে সাড়ে ৪ হাজার এর বেশি মানুষকে রক্ত দিতে পেরেছি এবং আগামীতে ও আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে নাজিরপুর ব্লাডব্যাংকের সিনিয়র সদস্য আল আমিন হোসাইন জানান, আজ আমাদের ১২ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল করতে এসেছি। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই ক্যাম্পেইন অব্যাহত থাকবে। নাজিরপুর ব্লাডব্যাংক সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।



