
জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন তিনি, যেখানে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসা করতে না পারার বিষয়ে।
নিহত ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল (৪৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় “অর্পিতা সুইটস” নামে একটি দোকান পরিচালনা করছিলেন।
মঙ্গলবার রাতে নিজের দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নেন সুরজিৎ। বুধবার সকালে কর্মচারীরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আত্মহত্যার আগে লেখা চিরকুটে সুরজিৎ লিখেছেন,”হে কচাকাটা বাসিন্দাবৃন্দ, ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল, তাতে কোন দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানি ও…”
স্থানীয় সূত্রে জানা যায়, সুরজিৎ কয়েক মাস আগে তার পুরনো ভাড়া ঘর ছেড়ে দিয়ে পাশের আরেকটি ঘর ভাড়া নিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। নতুন জায়গায় টেবিল-চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করা নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হন।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন,”আত্মহত্যার আগে ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি এখনো দেখা সম্ভব হয়নি। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সুরজিৎ দীর্ঘদিন ধরে কচাকাটায় ব্যবসা করে এলেও সম্প্রতি কিছু জটিলতায় পড়েছিলেন। তবে তার আত্মহত্যার বিষয়টি সবাইকে হতবাক করেছে।



