
ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া গ্রামের দরিদ্র রিকশাচালক ফারুক হোসেনের দেড় বছরের শিশুসন্তান মেহেদী হাসান পানিতে ডুবে মারা গেছে।
২৭ মার্চ, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের খালে পড়ে শিশুটির মৃত্যু হয়। মেহেদীর মা ঘরের কাজে ব্যস্ত থাকায় সে খেলতে খেলতে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। অনেকক্ষণ পর তাকে খোঁজাখুঁজি শুরু হলে দেখা যায়, শিশুটির নিথর দেহ খালের একটি ডালের সঙ্গে আটকে আছে।
স্থানীয়রা তৎক্ষণাত উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আসর নামাজের পর স্থানীয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মেহেদীকে দাফন করা হয়।
উল্লেখ্য, ফারুক হোসেনের বড় মেয়ে (৬) বাকপ্রতিবন্ধী। আর তার ছোট সন্তান মেহেদী পানিতে পড়ে আজ মর্মান্তিকভাবে মারা গেল।



