
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এখন পর্যন্ত ১৩ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) আনুমানিক ভোর ৫টার দিকে উপজেলার ইছানীল এলাকার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।



