
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলার ইয়াসিন আহমেদ সজীব বছর খানেক আগে লালন পালন শুরু করেন পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল। আদর করে বিড়ালটির নাম রাখে ফ্লোপি। বুধবার (২৮ মে) দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে বিড়ালটি হারিয়ে যায়। এর পর থেকে বিড়ালির শোকে দিশেহারা হয়ে পরে সজীবের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাচ্ছে না পরিবারটি। এরপর রীতিমতো পুরস্কার ঘোষণা করে এলাকা জুড়ে মাইকিং করেছে বিড়ালটির মালিক।
বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব বলেন, বিড়ালটির দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আদর করে নাম রেখেছি ফ্লোপি। বিড়ালটি আমার খুব প্রিয়। বাড়িতে বাবা-মা সহ আমরা পরিবারের সবাই বিড়ালটির দেখভাল করি। আমার ধারণা বুধবার দুপুরের দিকে যেকোনো ভাবে পোষা বিড়ালটি বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। আশেপাশের বিভিন্ন স্থানে খুঁজেও না পাওয়ার পরে বিড়ালটির সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সহ এলাকা জুড়ে মাইকিং ও বিড়ালটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছি।
সজীব আরও বলেন, প্রিয় বিড়ালটি হারিয়ে যাওয়ায় আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। বিড়ালটি খুঁজে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। আজকে আমার বিড়াল নিখোঁজের ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরিও করছি।



