পিরোজপুরের ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে খালে কয়লা বোঝাই ট্রাক, যান চলাচল বন্ধ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই একটি ট্রাকের ভারে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে ট্রাকে থাকা কারো কোন ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি ট্রাকের ভারে ধসে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ভার বহন করতে না পেরে স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায়।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইন্দুরকানির মালবাড়ির এই সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাকটি সেতুতে ওঠার পরই সেটি ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। বর্তমানে ট্রাকটিও খালের মধ্যে পড়ে রয়েছে, আর যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ দৈনিক বৃত্ত নিউজ কে বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ