
পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, হুদায়বিয়ার পরে ফতেহ মক্কা হতে দু’বছর লেগেছিল। ফতেহ বাংলাদেশ হতে কত সময় লাগবে। হুদায়বিয়ার পরে সাহাবিরা মদিনার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল। আমাদেরকে সাহাবীদের মত ছড়িয়ে পড়তে হবে। ঈমান আমল আখলাক সব কিছুতেই নেতৃত্বের ভূমিকায় পৌঁছাতে হবে। আজ শুক্রবার বিকাল ৩ টায় ২৫/২৬ কার্যকালের জন্য জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নব নিযুক্ত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন , আজকে যে ভাইয়ের শপথ হলো আমরা চাই তার নেতৃত্বে একটি গণজাগরণ সৃষ্টির হবে। বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে। এখন নির্বাচনের প্রস্তুতি চলছে। আমাদের জন্য ফতেহ মক্কা মানে আগামী নির্বাচন। আগামী নির্বাচনে আমাদের বিজয় অর্জন করার জন্য প্রস্তুতি নিতে হবে।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাযী, আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জামায়াত মনোনীত সংসদীয় আসন পিরোজপুর-১ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ফখরুদ্দিন খান রাযী বলেন, এই ময়দানে ঘুমিয়ে আছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিঃ আমরা এই ময়দানের সংগঠনকে এক নম্বর সংগঠনে পরিণত করব।
বিশেষ অতিথি আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, অন্যান্য সংগঠনের নির্বাচনে মারামারি হানাহানি হাঙ্গামা অথচ জামায়াত ইসলামীতে এ ধরনের কোন নোংরা কর্মকাণ্ড সংঘটিত হয় না। জামায়াত ইসলামী আল্লাহর একটি নেয়ামতের সংগঠন।




