
জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাঈল হোসেন ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এবং অন্যান্য নেতা-কর্মী শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
সমাবেশে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন , “তিস্তা নদীর ভাঙনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। নদীর এই অব্যাহত ভাঙনের কারণে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার লাখ লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।”
বক্তারা আরও অভিযোগ করেন যে বিগত সরকার ভারতের প্রতি নতজানু নীতির কারণে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তার চরে ৪৮ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে তিস্তা নদীর তীরবর্তী এলাকার অসংখ্য মানুষ এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। বক্তারা সবাইকে তিস্তা বাঁচানোর এ আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জনগণের দাবি দিন দিন জোরালো হচ্ছে বলে সমাবেশে উল্লেখ করা হয়।



