
জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ – এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফিনিক্স’-এর উদ্যোগে বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করতে হবে এবং শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাশাপাশি, তারা মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফিনিক্স সংগঠনের সভাপতি মিনহাজুল আবেদীন মুরাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয় ও বুড়াবুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে অংশ নেন।
সেমিনারের শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



