
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামে এক যুবককে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মোঃ হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানার ঘোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)। নিহত এমদাদুল ফরাজী (৩০) ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর ছেলে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বৃত্ত নিউজ কে বলেন, ২০০৮ সালের ৩ মার্চ আসামিরা এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে সাফা বন্দর এলাকা থেকে চরখালীতে যায়। সেখান থেকে মোটরসাইকেল চালক এমদাদুলকে সঙ্গে নিয়ে তারা ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় গিয়ে তাকে হত্যা করে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
পরদিন ৪ মার্চ নিহতের পিতা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।



