ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে আসা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) রাত ১২:৩০টার দিকে পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপি সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৫/৩ এস-এর কাছে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজিবির তথ্য অনুযায়ী, পাচারের গোপন খবর পাওয়ার পর ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহল দল দ্রুত অভিযানে নামে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।


পরবর্তীতে বিজিবি দল তল্লাশি চালিয়ে উদ্ধার করে—৫টি ভারতীয় NX-200 ATHENA গান,১টি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি,৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি,১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি)।

অভিযান সম্পর্কে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, “সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।”

বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের অভিযান চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন অপতৎপরতা বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ