
পিরোজপুর প্রতিনিধিঃ প্রতিনিয়ত চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শাহাপুরা ইউনিয়নের বাসিন্দারা। প্রতি রাতেই উপজেলা ওই ইউনিয়নের গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল কোথাও যেন স্বস্তি নেই চোরের আতংকে। ঘরে, দোকানে, মসজিদে, কবরস্থানের দান পর্যন্ত রেহাই পাচ্ছে না চোরের হাত থেকে। বাসাবাড়ির তালা কেটে চুরির ঘটনা ঘটছে অহরহ। লাগামহীন এসব চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। থানায় অভিযোগ করেও অধিকাংশ সময়ে মিলছে না কোনো প্রতিকার। বাধ্য হয়ে কেউ কেউ শরণাপন্ন হচ্ছেন গণমাধ্যমের। চোরের উৎপাতে অতিষ্ঠ খোদ প্রশাসনও। সচেতন মানুষজন এ ঘটনাকে নজিরবিহীন বলছেন, এমন চুরির ঘটনা এর আগে ঘটেনি বলে দাবি তাঁদের।
স্থানীয় বাসিন্দারা জানায়,উপজেলার সাহাপুরা গ্রামের মোঃরাসেল হোসেন,মোঃএসরাইল,জুবয়ের হোসেন রাজা মিলে শাহাপুর ইউনিয়নে বিভিন্ন ঘর ও দোকান থেকে টাকা ও স্বর্ণ চুরি করছে চক্রটি। তাদের নেতৃত্বে মাদকের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, চুরি এবং অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এই চক্র পুরো ইউনিয়ন জুড়ে গত কয়েক মাস যাবত দেদারসে চুরি করছে এসব মালামাল।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভুক্তভোগীরা বলেন, মাদক কেনার জন্য আসা উচ্ছৃঙ্খল যুবকদের উৎপাতেও অতিষ্ঠ তারা। বাড়ছে ছিনতাই ও চুরির ঘটনা, তৈরি হচ্ছে চরম নিরাপত্তাহীনতা।
কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান বৃত্ত নিউজকে জানান, এখন পর্যন্ত চোরের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি এ ব্যপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



