
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ৬ জন স্থানীয় সাংবাদিক। দলীয় কার্যক্রমে অভিজ্ঞ ও সমাজসচেতন ব্যক্তিদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
৮ এপ্রিল (সোমবার) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মো: শফিউল আলম (শফি), যিনি দৈনিক ভোরের আকাশ পত্রিকায় কাজ করছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মো: রফিকুল ইসলাম এবং সাংবাদিক মো: জাহিদুল ইসলাম খান, যিনি দৈনিক নিরপেক্ষ ও দৈনিক আজকের খবর-এ কাজ করছেন।
অন্যদিকে, পৌর বিএনপির নব গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সোনালী কণ্ঠের সাংবাদিক ওমর ফারুক। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক আ: মোমেন এবং দৈনিক দেশ বাংলার সাংবাদিক আশরাফ হোসেন আপেল।
সাংবাদিকদের কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, দলকে শক্তিশালী ও গতিশীল করতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান, “আমরা দলের জন্য যোগ্য, নিষ্ঠাবান ও ত্যাগী ব্যক্তিদের মূল্যায়ন করছি। সাংবাদিকরা সমাজের মুখপাত্র হিসেবে কাজ করেন, তাই তাঁদের অভিজ্ঞতা দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”



